টিএসএন ডেস্ক,১০ আগস্ট।।
অপরাজিত ভাবে খেতাব দখল করলো ত্রিবেণী সংঘ। পাশাপাশি আগামী মরশুমে প্রথম ডিভিশন ফুটবলে খেলার ছাড়পত্রও। সোমবার ত্রিবেণী সংঘের কাছে ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। তারপরও বিধ্বস্ত করে নবোদয় সংঘকে। এবং অপরাজেয় ভাবে খেতাব জয় করে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত হোটেল সোনারতরী দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন ত্রিবেণী সংঘ জয়লাভ করে ৭-১ গোলে। ম্যাচের শুরু থেকেই বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন শহর দক্ষিণের ওই ক্লাবের ফুটবলাররা। ক্রমাগত আক্রমণে দিশেহারা হয়ে পড়েন নবোদয় সংঘের রক্ষণভাগের ফুটবলাররা।ম্যাচ শুরুর ৬ মিনিটের মাথায় প্রথম গোল পেয়ে যায় ত্রিবেণী সংঘ।গোলটি করেন সুবার দেববর্মা। গোল হজম করার পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ শুরু করেন নবোদয় সংঘের ফুটবলাররা। ৩১ মিনিটে জন জমাতিয়া ব্যবধান বাড়ান। ৩৫ মিনিটে কৃষ্ণ কিশোর জমাতিয়া ব্যবধান কমান। বিরতির পর ম্যাচের লাগাম নিজেদের হাতে তুলে নেন ত্রিবেণী সংঘের ফুটবলাররা।৪৫ ও ৪৭ মিনিটে অমিত জমাতিয়া, ৬২ মিনিটে নাইসা জমাতিয়া এবং ৭৮ ও ৯০ মিনিটে লালমানগাইহ জুয়ালা গোল করেন। খেলা পরিচালনা করেন বিশ্বজিৎ দাস।
Tripura Football: বি – ডিভিশন ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন ত্রিবেণী ।

