টিএসএন ডেস্ক, ১৩ জুলাই।।
চ্যাম্পিয়নের মেজাজে শুরু করলো ত্রিবেণী সংঘ। বড় ব্যবধানে জয় পেলো নিজেদের প্রথম ম্যাচে। জয় পেলেও দলের রক্ষণভাগের কিছুটা ফাঁকফোকর লক্ষ্য করা গেছে প্রথম ম্যাচে। জাগ্রত শুধরে নিতে হবে দলের কোচকে। নতুবা পরের ম্যাচে চাপে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘হোটেল সোনারতরী ‘ দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সোমবার ত্রিবেণী সংঘ ৪-২ গোলে পরাজিত করে ফ্রেন্ডস ইউনিয়নকে। বিজয়ী দলের জাবেদ ডারলং জোড়া গোল করেন। কাগজে-কলমে শক্তির বিচারে শহর দক্ষিণের ক্লাব ত্রিবেণী সংঘ অনেকটাই এগিয়ে রয়েছে ম্যাচ শুরুর আগে থেকেই জানা ছিল। দেখার ছিল ইউনিয়নের ফুটবলাররা কতটা লড়াই ছুঁড়ে দিতে পারেন। প্রথমার্ধে তেমন আহামরি খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে অনেকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মাখন লাল জমাতিয়ার ফুটবলাররা। এক সময় ত্রিবেণী সংঘের রক্ষণভাগের রেখেছিলেন চাপে। চাপের মুখে সমরজিত দেববর্মার ছেলেরা মাথা ঠান্ডা করে খেলে শেষ পর্যন্ত ম্যাচটি বের করে নেন। এদিন যে ভুলগুলি লক্ষ্য করা গেছে তা যদি শুধরে নিতে পারে তাহলে পরের ম্যাচগুলোতে অন্যরূপে দেখা যেতে পারে খেতাবের অন্যতম দাবিদার দল ত্রিবেণী সংঘ কে। দলের ম্যানেজার তন্ময় ধর স্পষ্টভাবেই বলেন, আসরের প্রথম ম্যাচ বলেই কিছুটা জড়তা লক্ষ্য করা গেছে। পরের ম্যাচের আগে তা সুধরে নেওয়া হবে। পরের ম্যাচে আমাদের অন্যরূপে দেখা যাবে। এদিন ম্যাচের শুরু থেকে প্রাধান্য নিয়ে খেলতে থাকেন ত্রিবেণী সংঘের ফুটবলাররা। বল দখলের লড়াইযেও ছিল এগিয়ে। ম্যাচ শুরুর ২১ মিনিটের মাথায় আচাইফাং জমাতিয়ার গোলে এগিয়ে যায় ত্রিবেনী সংঘ। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে জাবেদ ডারলং ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফেরার লড়াই শুরু করেন ফ্রেন্ডস ইউনিয়নের ফুটবলাররা। ৪৯ মিনিটে বিশাল জামাতিয়া গোল করে ব্যবধান কমান। এরপর ৬৬ মিনিটে লাল মন জোয়ালা এবং ৬৯ মিনিটে জাবেদ ডারলং গোল করে ত্রিবেণী জয় নিশ্চিত করে দেন। ৭৩ মিনিটে দীপেন জমাতিয়া গোল করে ব্যবধান কমান। খেলা পরিচালনা করেন পল্লব চক্রবর্তী।
Tripura Football: দ্বিতীয় ডিভিশনে জয় দিয়ে যাত্রা শুরু ত্রিবেণীর। জাবেদের জোড়া গোল।

