টিএসএন ডেস্ক,২৪ নভেম্বর।।
চিরঞ্জিত পালের বাঁ হাতের ভেলকি বিফলে গেল। দলীয় অন্য বোলারদের ব্যর্থতায়। পরাজিত হলো ত্রিপুরা নিজেদের ষষ্ঠ ম্যাচেও। তবে দিন কিছুটা লড়াই করার মানসিকতা দেখালেন ত্রিপুরার ক্রিকেটাররা। মূলত দুই ওপেনার রান পাওয়ায় দল লড়াকু স্কোর গড়েছিল। কিন্তু বোলারদের ব্যর্থতাই প্রথম জয় অধরা রইল রাজ্য দলের। সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি ক্রিকেটে। চন্ডিগড় এর নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয়েছে পাঁচ উইকেটে। ত্রিপুরার গড়া ১৮১ রানের জবাবে মহারাষ্ট্র শেষ বলে জয় ছিনিয়ে নেয়। ত্রিপুরার মনি শংকর মুড়া সিং অর্ধশত রান করেছেন। প্রথম পাঁচ ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা চিরঞ্জিত পাল সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন। তুলে দিলেন বিপক্ষের চারটি উইকেট। ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে আসামের বিরুদ্ধে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার মন্দীপ সিং এবং অর্ক প্রভ সিনহা পুরোটা ভালো করেন। অগ্রিম জুটিতে ৪১ বল খেলে যোগ করেন একাত্তর রান। মন্দীপ চব্বিশ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ এবং অর্ক প্রভ ১৮ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ত্রিশ রান করেন। মিডল অর্ডারে শ্রীদাম পাল এবং আনন্দ ভৌমিক ব্যর্থ হলে রুখে দাঁড়ান লক্ষ থেরেজা এবং দলনায়ক মনি শংকর। শুরু থেকেই বিপক্ষের বোলারদের উপর চৌরাও হয়েছেন মনি শংকর। শেষ পর্যন্ত তেত্রিশ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি সাহায্যে ৬৬ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। লক্ষ্য ৩০ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। ত্রিপুরা নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১৮১ রান করে। মহারাষ্ট্রের পক্ষে বিবেক সেলার ২৯ রানে চারটি এবং ভিকি অস্টওয়াল ১৬ রানের দুটি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে শুরু থেকেই দ্রুত রান তোলার দিকে নজর দেন মহারাষ্ট্রের ব্যাটসম্যানরা। চিরঞ্জিত পাল ছাড়া ত্রিপুরার কোন বোলারকে সমীহ করেননি মহারাষ্ট্রের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের শেষ বলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সাহিল প্রকাশ ২৭ বল খেলে সাতটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬, সিদ্ধেশ বীর ৩৪ বল খেলে তিনটি বাউন্ডারি সাহায্যে ৩৪, ভিকি অস্ত্বল ১৬ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ২৩, আরশিন কুলকার্নি ২০ বল খেলে একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং দল নায়ক পৃথ্বী শাহ ৯ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ১৭ রান করেন। ত্রিপুরার পক্ষে চিরঞ্জিত পাল ২৩ রানে চারটি এবং ভিকি সাহা ৪৩ রানে একটি উইকেট দখল করেন। এদিকে আসাম মঙ্গলবার হারলো কেরলের বিরুদ্ধে। হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেতে হলে শেষ ম্যাচে আসামের বিরুদ্ধে জয় পেতেই হবে ত্রিপুরাকে। ২৬ নভেম্বর আসামের মুখোমুখি হবে ত্রিপুরা।

