টিএসএন ডেস্ক, ২৬ আগস্ট।।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিসিএ) প্রশাসনিক বিষয়াবলি নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পদাধিকারীরা জানান যে, অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি সম্পূর্ণরূপে সংবিধান মেনে এবং স্বচ্ছতার সাথে কাজ করছে। সভাপতি তপন লোধ, সহ-সভাপতি উপানন্দ দেববর্মা, সম্পাদক সুব্রত দে এবং কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তীর উপস্থিতিতে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ সালে নির্বাচিত বর্তমান কমিটির মেয়াদ বহাল রয়েছে এবং সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন ৭০ বছরের কম বয়সীরাই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সম্প্রতি ‘প্রণব দাস’ নামক ‘প্রাক্তন ক্রিকেটার’ হিসেবে অস্তিত্বহীন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বিসিসিআই ওম্বুডসম্যান যে নির্দেশ দিয়েছিলেন, মহামান্য ত্রিপুরা হাইকোর্ট তাতে স্থগিতাদেশ জারি করেছেন। আদালত পর্যবেক্ষণে জানান, বহিরাগত বা ক্রিকেট সংস্থার সাথে যুক্ত নন এমন ব্যক্তির অভিযোগ এই এক্তিয়ারের আওতাভুক্ত হতে পারে না। নরসিংগড়ের টি আই টি ক্যাম্পাসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ প্রসঙ্গে জানানো হয়, সমস্ত প্রক্রিয়া সরকারি নিয়ম মেনে পরিচালিত হচ্ছে এবং ২০১৭ সালে তৎকালীন সরকার কর্তৃক নিযুক্ত ঠিকাদার সংস্থার মাধ্যমে কাজ এগোচ্ছে। স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ করতে অতিরিক্ত এক মাস সময় লাগতে পারে এবং ৩১শে আগস্টের মধ্যে শেষ না হলেও দ্রুত আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য সংস্থা প্রস্তুত। পাশাপাশি, মধুবন চৌমুহনী বাজারে ক্রিকেট অ্যাকাডেমির জন্য জমি হস্তান্তরের কাজ আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানানো হয়। জাতীয় স্তরে রাজ্য ক্রিকেটারদের সাফল্যের কথা উল্লেখ করে দলীপ ট্রফিতে অভিজিৎ সরকারের কৃতিত্বে টিসিএ গর্ব প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের সাফল্য বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
Tripura Cricket: সংবিধান মেনে এবং স্বচ্ছতার সাথে কাজ করছে টিসিএ: দাবি কর্মকর্তাদের।

