স্পোর্টস ডেস্ক,১১ সেপ্টেম্বর।।
প্রথম দিনই পরাজয়ের কবর খুঁড়ে নিলো ত্রিপুরা। হায়দরাবাদের বিরুদ্ধে। রঞ্জি ট্রফি ক্রিকেটে। প্রথম দিনের শেষে ত্রিপুরা এগিয়ে রয়েছে ১৩ রানে।বিনা প্রস্তুতিতে জাতীয় আসরে দল পাঠানোর খেসারত দিতে হচ্ছে মরশুমের প্রথম ম্যাচের প্রথম দিনেই। জিমখানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার প্রথম ইনিংসে গড়া ১৩৪ রানের জবাবে স্বাগতিক হায়দরাবাদ প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১২১ রান করে। ত্রিপুরার বিক্রম কুমার দাস ৫০ রান করেন। এছাড়া বল হাতে সন্দীপ সরকার ৪ উইকেট দখল করেন। এদিন সকালে অনুশীলন করার সময় পায়ে চোট পেয়েছিলেন পেশাদার ক্রিকেটার স্বপ্নীল সিং। ফলে প্রথম একাদশে খেলতে পারেননি স্বপ্নীল। এখানেই চাপে পড়ে যায় ত্রিপুরা। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শুরুটা ভালো হয় ত্রিপুরার। দুই ওপেনার বিক্রম কুমার দাস এবং ঋতুরাজ ঘোষ রায় শুরুটা ভালো করেন। ওপেনিং জুটিতে ১৪০ বল খেলে ৮০ রান যোগ করেন দুজন। এরপরই ত্রিপুরা শিবিরে নামে ধস। ঋতুরাজ ৭০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং বিক্রম ১০৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। মিডল অর্ডারে মন্দীপ সিং ৭০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করেন। ত্রিপুরার আর কোনও ব্যাটসম্যান ২২ গজে মাথা তুলে দাঁড়াতে পারেন নি। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। ত্রিপুরা ৪৪ ওভার ব্যাট করে সর্বসাকুল্যে ১৩৪ রান করতে সক্ষম হয় । হায়দরাবাদের পক্ষে গঙ্গম অনিকেত রেড্ডি ২১ রানে ৫ টি এবং তনয় ত্যাগ রাজন ৩৭ রানে ৪ টি উইকেট দখল করেন।জবাবে খেলতে নেমে ত্রিপুরার সন্দীপ সরকারের বিষাক্ত স্পিনের ভেলকিতে শুরু থেকেই কিছুটা চাপে ছিল স্বাগতিক দল। শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে হায়দরাবাদ ৪১ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১২১ রান করে।দলের পক্ষে ওপেনার তন্ময় আগরওয়াল ১০৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রানে অপরাজিত থেকে যান। এছাড়া অভিরথ রেড্ডি ৫৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং কোডিমেলা হিমাতেজা ৫২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। ত্রিপুরার সন্দীপ সরকার ৪৪ রানে ৪ টি উইকেট দখল করেন। ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে আজ ত্রিপুরার বোলারদের জ্বলে উঠতেই হবে। নতুবা হাতছাড়া হয়ে যাবে আসরের প্রথম ম্যাচটি ত্রিপুরা থেকে।
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে প্রথম দিনেই কবর খুঁড়লো ত্রিপুরা।

