টিএসএন ডেস্ক, ২৪ জুন।।
নিজের দেশের জার্সি গায়ে খেলার স্বপ্ন দেখেন প্রতিটি ক্রীড়াবিদের। কিন্তু সেই স্বপ্ন মাত্র ১৫ বছর বয়সেই বাস্তবায়িত করে ফেলেছেন বিশ্ব ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন তিনি। গত ২৩ জুন গোটা দলের সাথে তিনি যোগ দিয়েছেন এবং আয়ারল্যান্ডের বিমান ধরেছেন।
খুব কম সময়ের মধ্যেই ক্রিকেট বিশ্বে বৈভব নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন। অনূর্ধ্ব-১৯ দল, আইপিএল এবং ভারতীয় ‘এ’ দলের জার্সি গায়ে খেলার সময় তিনি যে নির্ভীক ও বিধ্বংসী ফর্মের পরিচয় দিয়েছেন তা অতি বড় তারকারা নিজেদের কেরিয়ারের সেরা সময়েও দেখাতে পারেননি।
বৈভব প্রথমবারের মতো ভারতীয় দলে যোগ দিয়ে নিজের জার্সিটি হাতে পাওয়ার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন। বিসিসিআই একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে হোটেলের এক কর্মী ও ভারতীয় দলের এক সদস্য বৈভবের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। বৈভব ঘর থেকে বেরিয়ে প্রথমেই ভারতীয় দলের ওই সদস্যের পা ছুঁয়ে প্রণাম করেন। এরপর তাঁকে জার্সির বাক্সটি হস্তান্তর করা হয়। বৈভব জার্সিটি বার করে কিছুক্ষনের জন্য একদৃষ্টিতে সেটি দেখতে থাকে। তখনই দেখা যায় যে জার্সিটিতে শোভা পাচ্ছে ‘3’ সংখ্যাটি।
কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে বৈভব হয়ে উঠতে চলেছেন ভারতের জার্সির গায়ে মাঠে নামা সবচেয়ে তরুণ ক্রিকেটার। আর এই বিশেষ লক্ষ্য ছুঁয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন বৈভব। রাজস্থান রয়েলসের জার্সি এবং ভারতের বিভিন্ন বয়স ভিত্তিক দল ও ভারতীয় এ দলের হয়ে ব্যাট হাতে তাণ্ডব করা বৈভবের মুখে দেখা গিয়েছে একটি সুখী বালকের হাসি।
Indian Cricket: ভারতের সিনিয়র দলের তিন নম্বর জার্সি গায়ে দেবে বৈভব।

