টিএসএন ডেস্ক,২৩ নভেম্বর।।
আগামী ২৭ নভেম্বর ভারতের লন টেনিসের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন (এআইটিএ)-এর কার্যনির্বাহী কমিটি এবং অ্যাথলেটস কমিশনের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বর্তমানে নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হয়েছে এবং আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই এই নির্বাচনের প্রেক্ষাপটে বিশিষ্ট ক্রীড়াবিদ (এসওএম) কোটায় ভারতের কিংবদন্তি টেনিস তারকা মহেশ ভূপতি এবং সানিয়া মির্জা এআইটিএ-এর জেনারেল বডি ও এক্সিকিউটিভ কমিটিতে নির্বাচিত হয়েছেন, যা দেশের টেনিস প্রশাসনে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে, ত্রিপুরার ক্রীড়া সংগঠক সুজিত রায় এবার এআইটিএ-এর কোষাধ্যক্ষ পদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্রীড়া প্রশাসনের সঙ্গে তাঁর ৪০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা, এআইটিএ-এর প্রাক্তন যুগ্ম সম্পাদক, ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চল ও ত্রিপুরার বিভিন্ন ক্রীড়া ও বাণিজ্যিক সংস্থার গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছে।
নির্বাচনে কোষাধ্যক্ষ পদের জন্য সুজিত রায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, তৃণমূল স্তরে টেনিসের পরিকাঠামো জোরদার করা, আরও বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন, প্রতিটি রাজ্যের জন্য সমান সুযোগ তৈরি এবং উত্তর-পূর্বাঞ্চলের ক্রীড়ার উন্নয়নের মতো সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন। স্থানীয় ক্রীড়া মহলের বিশ্লেষকদের মতে, রাজ্যের এই অভিজ্ঞ ক্রীড়া সংগঠক সর্বভারতীয় কমিটির উচ্চপদে নির্বাচিত হলে ত্রিপুরা তথা সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের ক্রীড়া পরিমণ্ডলে ইতিবাচক ও বড়সড় পরিবর্তন আসবে এবং ক্ষুদ্র রাজ্য ও উদীয়মান অঞ্চলগুলো আরও বেশি গুরুত্ব ও সুযোগ পাবে।
তবে এই নির্বাচনকে ঘিরে আইনি জটিলতার ছায়াও রয়েছে। এআইটিএ-এর নির্বাচন প্রক্রিয়া এবং প্রশাসনিক ক্ষমতা নিয়ে দিল্লি হাইকোর্টে একটি আইনি আবেদন বিচারাধীন রয়েছে, যার শুনানি ২৭ নভেম্বর বা তার আগেই হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভোটের প্রস্তুতির পাশাপাশি আদালতের সম্ভাব্য নির্দেশের দিকেও কড়া নজর রাখছেন সংশ্লিষ্ট মহল, প্রার্থীরা এবং ক্রীড়াপ্রেমীরা।
Tripura News: সর্বভারতীয় টেনিস ফেডারেশনের রাজনীতিতে ভূপতি-সানিয়ার প্যানেলে ত্রিপুরার সুজিত রায়।

