টিএসএন ডেস্ক, ২রা নভেম্বর।।
টানা পঞ্চম ম্যাচে। পরাজিত ত্রিপুরা। সোমবার অপেক্ষাকৃত দুর্বল কেরলের বিরুদ্ধে এক রানে পরাজিত হলো রাজ্য দল। জাতীয় সিনিয়র মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে। লখনউ এর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপায়ী একটানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কেরলের গড়া ১০৮ রানের জবাবে ত্রিপুরা ১০৭ রান করতে সক্ষম হয়েছে। পরপর পাঁচ ম্যাচে পরাজিত হয়ে ত্রিপুরা ক্রিকেটাররা মানসিকভাবে খাদের কিনারায় চলে গেছে। এদিন সকালে প্রথমে ব্যাট করতে নেমে ত্রিপুরার বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১০৮ রান করতে সক্ষম হয় কেরালা। দলের পক্ষে ওপেনার টি শনি ৪৬ বল খেলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৫২, মিলন নাভগিরে ২১ বল খেলে চারটি বাউন্ডারি সাহায্যে ২৩ এবং ভাসু ১৬ বল খেলে ১১ রান করেন। ত্রিপুরার পক্ষে সেবিকা দাস ১৬ রানে, প্রিয়াঙ্কা আচার্য ১৮ রানে এবং অম্বেষা দাস ২৪ রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল ত্রিপুরার ইনিংস। শেষ দিকে ইন্দ্রানী জমাতিয়া এবং অন্নপূর্ণা দাস দলকে টেনে তোলার চেষ্টা করেন। তারপর ও প্রয়োজনে তুলনায় একরান আগে থেমে যায় ত্রিপুরার ইনিংস। ত্রিপুরা নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৭ রান করতে সক্ষম হয়েছে। রাজ্য দলের পক্ষে ইন্দ্র রানী ২৪ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০, মৌচৈতি দেবনাথ ২৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৩, অন্নপূর্ণা দাস ১৭ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২২ এবং তামান্না নিগম ২০ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। কেরলের পক্ষে সাজিভান সাজানা ২১ রানে তিনটি উইকেট দখল করেন। ৪ নভেম্বর ত্রিপুরা ষষ্ঠ ম্যাচ খেলবে শক্তিশালী পাঞ্জাবের বিরুদ্ধে।
Tripura Women Cricket: জাতীয় মহিলা ক্রিকেটে টানা পঞ্চম পরাজয় ত্রিপুরার।

