টিএসএন ডেস্ক, ১১ জুলাই।।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। আইসিসির হল অব ফেমে জায়গা করে নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সেই গৌরবের মুহূর্তে দীর্ঘদিনের ওপেনিং সঙ্গী ও বন্ধু শচীন তেন্ডুলকরের আবেগঘন বার্তা ছুঁয়ে গেল ক্রিকেটপ্রেমীদের মন।
ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার নেপথ্যের অন্যতম দুই নায়ক—শচীন টেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঠে তাদের উদ্বোধনী জুটি যেমন প্রতিপক্ষকে চাপে ফেলেছে, তেমনই মাঠের বাইরেও তাদের বন্ধুত্ব আজও অনন্য।
আইসিসি হল অব ফেমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্তর্ভুক্তির পর সামাজিক মাধ্যমে আবেগঘন শুভেচ্ছা জানান শচীন। তিনি লেখেন, “অভিনন্দন, পার্টনার। এই সম্মান তোমার অসাধারণ ক্রিকেট জীবনের যথার্থ স্বীকৃতি। ভারতীয় ক্রিকেটে তোমার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে উদ্বোধনী জুটি হিসেবে অসংখ্য রেকর্ড গড়েছেন শচীন-সৌরভ। তাদের বোঝাপড়া, আস্থা এবং ধারাবাহিক সাফল্য ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগের অন্যতম প্রতীক হয়ে রয়েছে।
আইসিসির সর্বোচ্চ সম্মানগুলোর একটি—হল অব ফেমে সৌরভের অন্তর্ভুক্তি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, ভারতীয় ক্রিকেটের জন্যও এক গর্বের মুহূর্ত। আর সেই আনন্দকে আরও স্মরণীয় করে তুলেছে শচীনের এক শব্দ—”পার্টনার”।সোশাল মিডিয়ায় শচীন-সৌরভ যুগলবন্দি দেখে নস্ট্যালজিয়ায় বুঁদ ক্রিকেটপ্রেমীরাও।
প্রসঙ্গত মাত্র ১২ জন ভারতীয় স্থান পেয়েছেন আইসিসির হল অফ ফেমে। সেই তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। এর ফলে সুনীল গাভাসকর, কপিল দেব এবং শচীন তেণ্ডুলকরের মতো কিংবদন্তিদের পাশে জায়গা করে নিলেন ভারতীয় ক্রিকেটের ‘দাদা’।
২০০৯ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে এই ‘হল অফ ফেম’। ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে এই তালিকায় জায়গা পেয়েছিলেন সুনীল গাওস্কর (২০০৯)। বাকিরা হলেন, বিষণ সিংহ বেদি (২০০৯), কপিল দেব (২০১০), অনিল কুম্বলে (২০১৫), রাহুল দ্রাবিড় (২০১৮), সচিন তেন্ডুলকর (২০১৯), বিনু মাঁকড় (২০২১), বীরেন্দ্র সহবাগ (২০২৩) ও মহেন্দ্র সিংহ ধোনি (২০২৫)। সেই তালিকায় ঢুকলেন সৌরভ (২০২৬)। তবে ১০ পুরুষ ক্রিকেটার ছাড়া দুই মহিলা ক্রিকেটারও এই জায়গা পেয়েছেন ‘হল অফ ফেম’-এ। তাঁরা হলেন ডায়ানা এডুলজি (২০২৩) ও নীতু ডেভিড (২০২৪)।
Indian Cricket: আইসিসি হল অব ফেমে ভারতীয় ক্রিকেটের ” দাদা” সৌরভ। পাটনারকে বার্তা শচীনের।


Great content! Keep up the good work!