টিএসএন ডেস্ক, ২৫ নভেম্বর।।
আজ থেকে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমছে ত্রিপুরা। প্রতিপক্ষ হিমাচল প্রদেশ। বিজয়ওয়াড়ার চুক্কা পল্লী স্টেডিয়ামে আজ থেকে শুরু হলো তিন দিনের ওই ম্যাচটি। অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে।ইতিমধ্যে দুই ম্যাচ খেলে হিমাচল প্রদেশের পয়েন্ট ৩ এবং ত্রিপুরার পয়েন্ট এক। মঙ্গলবার সকালে দু’দলের ক্রিকেটাররা শেষ প্রস্তুতি সেরে নেয়। কিন্তু সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় দুশ্চিন্তা বাড়লো দুই শিবিরেই। হিমাচলের বিরুদ্ধে ত্রিপুরার প্রথম একাদশে একটি পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল। দেবরাজ ভট্টাচার্যের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেতে পারে উইকেট রক্ষক ব্যাটসম্যান আকাশ হোসেন। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল হিমাচলের বিরুদ্ধে জয়লাভ করলে প্রথমে ব্যাটিং নিয়ে ত্রিপুরা। তবে এদিন সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় আজ সকালে উইকেট দেখেই যাবতীয় সিদ্ধান্ত নেবে এমনই পরিকল্পনা নিয়েছে ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। অসমের বিরুদ্ধে ২ ইনিংসে শতরান করে নিজের পাশাপাশি দলীয় ক্রিকেটারদের মনোবল বাড়িয়ে দিয়েছে শ্রীমন দেবনাথ। এই মনোবল কে পুঁজি করেই আজ থেকে হিমাচল জয়ের লক্ষ্যে মাঠে নামবে ত্রিপুরা। মঙ্গলবার প্রায় আড়াই ঘণ্টা অনুশীলন হয়েছে ত্রিপুরার। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করে ত্রিপুরার ক্রিকেটাররা। অনুশীলন শেষে দলীয় ক্রিকেট রাজ্যের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন কোচ অলক দেবরায়। এদিন অনুশীলনে শেষ ম্যাচের ভুল ত্রুটি গুলো শুধরে নেওয়ার চেষ্টা করেন কোচ। পরে টেলিফোনে বলেন, আসাম ম্যাচে দুরন্ত খেলে মনোবল ফিরে পেয়েছে ছেলেরা। সেই মনোবলকে পুঁজি করেই আজ থেকে মাঠে নামবে ছেলেরা। ব্যাটসম্যানরা যদি নিজেদের দায়িত্ব যথাযথ পালন করতে পারে তাহলে আমরা হিমাচলের বিরুদ্ধে ভালো ফলাফল করবই। বিশ্বাস করি ছেলেরা হতাশ করবে না। সাফল্য পাবেই হিমাচল ম্যাচে।
Tripura Cricket: আজ বিজয় মার্চেন্ট ট্রফিতে হিমাচল প্রদেশের সামনে ত্রিপুরা।

