টিএসএন ডেস্ক, ২ রা নভেম্বর।।
নিভে গেল আরেকটি তরতাজা প্রদীপ। মহকুমা সিনিয়র মহিলা ক্রিকেটের সহ অধিনায়িকা বর্ষা দেবনাথ আর নেই। দীর্ঘ দেড় মাস রক্তস্বল্পতায় ভোগার পর সোমবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে ওর বয়স হয়েছিল মাত্র ১৪ বছর। ফলে অকালে ঝরে গেল এক উজ্জ্বল প্রতিভা। মাত্র কয়েকদিন আগে ওই মহকুমার সিনিয়র পুরুষ দলের অধিনায়ক বাইক দুর্ঘটনায় প্রয়াত হয়েছিলেন। কুলাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী বর্ষা এ বছর বিলোনিয়ায় অনুষ্ঠিত রাজ্য সিনিয়র মহিলা ক্রিকেটে সময় অসুস্থতা হয়ে পড়ে। এরপর থেকেই শুরু হয় ওর চিকিৎসা। বন দপ্তরের কর্মী অতুল এবং গৃহিণী শিল্পী দেবনাথ এর দুই মেয়ের ছোট বর্ষার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করানো হয়। ছিল আইসিইউতে। চিকিৎসকদের সব চেষ্টা বিফলে ঠেলে দিয়ে চির বিদায় নিয়ে মহকুমার ওই অলরাউন্ডারটি। গেল তিন বছর ত্রিপুরা জুনিয়র বালিকা দলের নির্বাচনী শিবিরে থাকলেও চূড়ান্ত ত্রিপুরা দলে জায়গা পায়নি। এদিন সকালে জিবি থেকে কুলাই নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় বর্ষার মরদেহ। খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে মহকুমার। জানা গেছে রাজ্য ক্রিকেট সংস্থা এবং মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারের কাছে সহযোগিতা চাওয়া হলেও কর্ণপাত করেনি। ফলে দুই সংস্থার প্রতি ওর পরিবারের রয়েছে ক্ষোভ। পল্লব দেববরাই এবং পল্লব চক্রবর্তীর কাছে ক্রিকেটে হাতেখড়ি ওই প্রতিভাবান ক্রিকেটারটির। পরে পীযুষ দেব তৈরি করছিলেন সোনার মেয়েটিকে। এই দিন দুপুরে ওর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। চোখের জল মুছতে মুছতে ওর কোচ পল্লব চক্রবর্তী বলেন, যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার ছিল সে। এবছর নিশ্চিত ত্রিপুরা দলে জায়গা পেত। এভাবে অকালে ঝরে যাবে প্রাণ ভাবতেও পারিনি। মহকুমার ক্রিকেটে বড় ক্ষতি হয়ে গেল।
Tripura Women Cricket: অকালে না ফেরার দেশে চলে গেলেন বর্ষা দেবনাথ।

