টিএসএন ডেস্ক, ৩০ অক্টোবর।।
তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হবে? প্রশ্নটা শুনেই অট্টহাসিতে ফেটে পড়েন যুবরাজ সিং। প্রথমে সৌরভ বুঝতে পারেন নি, ও এমনভাবে মজা করছে কেন! যুবি কিন্তু হাসি থামিয়ে যেটা বললেন, দাদা শুনে অবাক। যুবির জবাব, দাদা আমি করছিটা কী! গত ২৫ বছর ধরেতো আমি তোমারই অ্যাসিস্ট্যান্ট। নিজেকে সেটাই মনে করি আমি। সৌরভ হেসে জবাব দেন, তাহলে চলে আয় দিল্লি ক্যাপিটালসে। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে এবার তোকেই ব্যাটিংটা সামলে দিতে হবে।
এবছরই আইপিএল-এ দিল্লি ক্যাপিট্যালসের চিফ কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। ২০১৯ সাল থেকে এই দলের সঙ্গে যুক্ত থাকলেও প্রথমে তিনি ছিলেন উপদেষ্টা পরে হন ডিরেক্টর। এবার তাঁকেই মুখ্য কোচ হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্ব হাতে নিয়েই দলের ব্যাটিং কোচ হিসাবে যুবিকে দলে নিয়ে এসেছেন সৌরভ। দাদার সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ প্রকাশ্যে তুলে ধরে যুবরাজ বলেন, “দাদার সঙ্গে কাজ করার আনন্দই আলাদা। উনি আক্ষরিক অর্থেই আমার বড় ভাইয়ের মতো। ওর নেতৃত্বেই আমার আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি এবং ওর ছত্র ছায়াতেই ক্রিকেটার হিসাবে বেড়ে ওঠা।’ তিনি যোগ করেন,”দাদা যেভাবে ড্রেসিং রুমের পরিবেশ তৈরি করে, যেভাবে প্লেয়ারদের উদীপ্ত করতে পারে সেটা রীতিমতো শিক্ষনীয়। ওর কাছ থেকে অনেক কিছু শেখা যায়, কাছ থেকে বোঝা যায়, দাদা কেন সকলের থেকে আলাদা।”
তাঁর নিজের নতুন দায়িত্বকে কীভাবে দেখছেন, এই প্রশ্নের উত্তরে যুবি বলেন, “এই কাজটা আমি গত কয়েক বছর ধরেই করে আসছি। এবার সেটাই দলগত ভাবে করবো। বিষয়টা আমার কাছে নতুন চ্যালেঞ্জ। আমারা এবার কাপের জন্য ঝাপাবো।”
গত কয়েক বছরে যুবির হাত ধরে একাধিক ব্যাটসম্যান পা রেখেছে ভারতীয় ক্রিকেটে। আজ তারা আন্তর্জাতিক মঞ্চে এক এক জন তারকা ব্যাটসম্যান। সেটা শুভমন গিল হোন কিংবা অভিষেক শর্মা, পেছনে রয়েছে যুবির অক্লান্ত পরিশ্রম। এবার আক্ষরিক অর্থেই নতুন চ্যালেঞ্জ তাঁর সামনে। কারণ আজও আইপিএল ট্রফি ছুঁতে পারেনি দিল্লি। এবার দাদা – যুবি জুটি কি পারবে সেই স্বপ্ন পূরণ করতে?
Indian Cricket: তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হবে? দাদার প্রশ্ন শুনে অট্টহাসিতে ফেটে পড়েন যুবি।

