Tripura Footall:  পদ্মজং শিল্ড- র শিরোপা দখল মণিপুরের রেংদাই এফসি’ র।

IMG 20260217 WA0013

টিএসএন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি।।
           ভরা গ্যালারি, গগনবিদারী চিৎকার আর টানটান উত্তেজনা—সব মিলিয়ে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়াম মঙ্গলবার হয়ে উঠেছিল এক টুকরো ফুটবল স্বর্গ। দীর্ঘ ১০ বছর পর পুনরুজ্জীবিত পদ্মজং শিল্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে আজ মুখোমুখি হয়েছিল মণিপুরের দুই হেভিওয়েট দল—রেংদাই এফসি ও টিআরএইউ  এফসি। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর, রোমাঞ্চকর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে বাজিমাৎ করলো রেংদাই। হলুদ-সাদা জার্সির রেংদাই এবং লাল জার্সির টিআরএইউ-এর লড়াই শুরু থেকেই ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধে রেংদাই আগ্রাসী ফুটবল খেলে মাঝমাঠের দখল নিলেও টিআরএইউ-এর জমাট রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো দিকে পাল্টা আক্রমণে উঠে এসে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে টিআরএইউ-এর একটি জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে এলে নিশ্চিত গোল থেকে রক্ষা পায় রেংদাই। অফসাইডের ফাঁদ আর দুই রক্ষণের দৃঢ়তায় প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্য ব্যবধানে। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই পক্ষই। ফ্রি-কিক ও কর্নার থেকে সুযোগ তৈরি হলেও গোলের মুখ খোলেনি। শেষ ১৫ মিনিটে আকাশী বল ও দূরপাল্লার শটে আক্রমণের ধার বাড়ালেও গোলকিপারদের তৎপরতায় ম্যাচ অমীমাংসিত থেকে যায়। আলো স্বল্পতার কারণে অতিরিক্ত সময়ের পরিবর্তে ম্যাচ সরাসরি গড়ায় পেনাল্টি শুটআউটে।পেনাল্টিতে রেংদাই এফসি তাদের পাঁচটি শটই জালে জড়াতে সক্ষম হয়। অন্যদিকে, টি আর এ ইউ দলের একটি সুযোগ হাতছাড়া করলে জয়ের উৎসব শুরু হয় রেংদাই শিবিরে। দলের গোলরক্ষকের একটি দুর্দান্ত সেভ ম্যাচের ভাগ্য গড়ে দেয়। বিজয়ী দলের বিক্রম ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন।ফাইনাল ম্যাচের সাক্ষী থাকতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। বিরতির সময় দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, “১০ বছর পর এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ফিরে আসা অত্যন্ত আনন্দের বিষয়। ক্রীড়াপ্রেমীদের এই উৎসাহই ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে।” তাঁর সাথে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস, -সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।খেলা শেষে বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি ও ৫ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। রানার্স-আপ দল টিআরএইউ এফসি-র হাতে ট্রফি ও ৩ লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী টিঙ্কু রায়।দীর্ঘ বিরতির পর পদ্মজং শিল্ডের এই সফল আয়োজন উত্তর-পূর্বাঞ্চলের ফুটবলে নতুন প্রাণের সঞ্চার করল। আজকের এই রুদ্ধশ্বাস ফাইনাল কৈলাসহরের ফুটবল প্রেমীদের হৃদয়ে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।‌


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *