টিএসএন ডেস্ক, ১০ এপ্রিল।।
হোঁচট খেলো হার্ভে ক্লাব। নিজেদের দ্বিতীয় ম্যাচে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জেসিসির বিরুদ্ধে পরাজিত হলো ৬ উইকেটে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরন চক্রবর্তীর স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে। বুধবার রাতে বৃষ্টির ফলে মাঠ ভিজে থাকায় বৃহস্পতিবার খেলা শুরু হতে দেরি হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ৬ এ। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে হার্ভে ক্লাব নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৫৬ রান করে। দলের পক্ষে অনুরাগ রঘুবংশী ২০ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, অর্ক প্রভ সিনহা ৬ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ১২ এবং শুভম ঘোষ ৬ বল খেলে একটি ওভার বাউন্ডারির সাহায্যে দশ রান করেন। জবাবে খেলতে নেমে জেসিসি ছয় বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে বিক্রম দেবনাথ ১০ বল খেলে তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং বিরাজ কৃষ্ণ ৮ বল খেলে একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। হার্ভে ক্লাবের পক্ষে আকাশ যাদব ১২ রানে ২ টি উইকেট দখল করেন।
Tripura Cricket: জেসিসির কাছে হার্ভের পরাজয়।

