টিএসএন ডেস্ক, ১০ এপ্রিল।।
জয়ের ধারা অব্যাহত রেখে দুর্বার গতিতে এগিয়ে চলছে শতদল সংঘ। বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শত দল সংঘ ৫ উইকেটে পরাজিত করে দুর্বল সংহতি ক্লাবকে। চিরঞ্জিত পালের দুরন্ত বোলিংয়ে।রাজ্য ক্রিকেট সংস্থায় আয়োজিত সমীরন চক্রবর্তীর স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে। এ দিন দুপুরে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে সংহতি ক্লাব মাত্র ৯৪ রান করতে সক্ষম হয়েছে। দলের পক্ষে রুদ্র সেনগুপ্ত ৩৯ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩২ এবং প্রতিকূল সেন ২৪ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। শত দল সংঘের পক্ষে চিরঞ্জিত পাল ১৩ রানে চারটি, ভিকি সাহা ২১ রানে তিনটি এবং অর্জুন দেবনাথ এগার রানের দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শত দল সংঘ ১২.৪ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওঙ্কার যাদব ২৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৮ রানে অপরাজিত থেকে যান।এছাড়া দলের পক্ষে তন্ময় ঘোষ ১৪ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, রিমন সাহা ১০ গোল খেলে দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং দ্বীপজয় দেব ১৫ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। সংহতি ক্লাবের পক্ষে দীপাঞ্জন দাস ২০ রানে ২ টি উইকেট দখল করেন। সংহতি দুটি ম্যাচেই পরাজিত হয়েছে।
Tripura Cricket: শক্তিশালী শতদলের কাছে সংহতির প্রত্যাশিত পরাজয়।

