টিএসএন ডেস্ক, ২৪ ডিসেম্বর।
ষষ্ঠ স্থান পেলো মহিলা ফিডে মাষ্টার আর্শিয়া দাস। জামশেদপুরে অনুষ্ঠিত ৩৯তম জাতীয় জুনিয়র বালিকাদের দাবা প্রতিযোগিতায়। দশম রাউন্ডের শেষে ছিল দ্বিতীয় স্থানে। খেতাব জয়ের জন্য বুধবার শেষ রাউন্ডে মুখোমুখি হয়েছিল উত্তরপ্রদেশের শুভী গুপ্তার বিরুদ্ধে। কালো ঘুঁটি নিয়ে প্রায় সাড়ে চার ঘন্টা লড়াই করে শেষ পর্যন্ত হারতে হয়েছে আর্শিয়াকে। জাতীয় সিনিয়র মহিলা দাবায় শুভীকে পরাজিত করেই তৃতীয় স্থান দখল করেছিলো আর্শিয়া। এদিন পরাজিত হওয়ায় আর্শিয়া দখল করলো ষষ্ঠ স্থান। ফলস্বরূপ পেলো ২৮ হাজার টাকা প্রাইজ মানি। রাজ্যের অপর দাবাড়ু পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ বালিকা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস ছয় পয়েন্টে ৪৬ তম স্থান দখল করে। বালক বিভাগে ত্রিপুরার একমাত্র দাবাড়ু শাক্য সিংহ মোদক সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে ৯৬ তম স্থান দখল করে। হেরে হতাশ আর্শিয়া। রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে আর্শিয়া সহ বাকি দুজনকে।
Tripura Chess: ৩৯তম জাতীয় জুনিয়র বালিকাদের দাবায় ষষ্ঠ স্থানে আর্শিয়া।

