টিএসএন ডেস্ক, ১৫ মার্চ।।
অবশেষে জয়ের মুখ দেখলো স্ফুলিঙ্গ ক্লাব। নিজেদের তৃতীয় ম্যাচে পরাজিত করলো হার্ভে ক্লাব কে। ২ উইকেটে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। টি আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন পরাজিত হওয়ায় পরাজয়ের হ্যাটট্রিক করলো হার্ভে ক্লাব। ম্যাচে হার্ভে ক্লাবের গড়া ২২৩ রানের জবাবে স্ফুলিঙ্গ ক্লাব আট উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের প্রভনূর ৮০ রান করেছেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে দলের নিচের সারির ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় হার্ভে ক্লাব মাত্র ২২৩ রান করতে সক্ষম হয়েছে। দলের পক্ষে শুভম ঘোষ ৮৮ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৫,অনুরাগ রঘুবংশী ৬৪ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ৪৯, সন্দীপ সরোজ ৫৭ বল খেলে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সাহায্যে ৪৫ এবং বিশাল দেববর্মা ৩৫ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে চৌদ্দ রান করেন। স্ফুলিঙ্গ ক্লাবের পক্ষে সন্দীপ সরকার ৪৪ রানে চারটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে স্ফুলিঙ্গ ক্লাব ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। পক্ষে প্রভনূর ১১৮ বল খেলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৮০, সাগর শর্মা ৪৯ বল খেলে তিনটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭, সন্দীপ সরকার ৪৮ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ এবং সপ্তজিৎ দাস ১৭ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। হার্ভে ক্লাবের পক্ষে রানা দত্ত ৪১ রানে তিনটি এবং আকাশ যাদব ৪৫ রানে দুটি উইকেট দখল করেন।
Tripura Domestric Cricket: সুপার লিগে প্রথম জয় পেলো স্ফূলিঙ্গ।

