টিএসএন ডেস্ক,১০ এপ্রিল।।
লখনউ সুপার জায়ান্টসের ব্যাটার মুকুল চৌধুরী কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে রাতারাতি নায়ক হয়ে উঠেছেন। এর আগে তিনি তেমন পরিচিত নাম না হলেও এই ম্যাচে সাত নম্বরে নেমে অসাধারণ ব্যাটিং করে দলকে জিতিয়েছেন। ২৭ বল খেলেই তিনি অপরাজিত ৫৪ রান করেন, যেখানে ছিল ৭টি ছক্কা ও ২টি চার।
ম্যাচের শুরুতে লখনউ বেশ চাপে ছিল। কেকেআরের বোলাররা টানটান লড়াই করছিলেন এবং ম্যাচ অনেকটা নিয়ন্ত্রণে রেখেছিলেন। ১৩তম ওভারের শেষে মুকুল ব্যাট করতে নামেন। প্রথম দিকে তিনি খুব বেশি রান করতে পারেননি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি ছন্দে ফেরেন এবং শেষের দিকে ঝড় তোলেন।
মুকুলের এই ইনিংস শুধু ম্যাচ জেতায়নি, বরং একটি বড় রেকর্ডও গড়ে দিয়েছে। সফল রান তাড়া করতে গিয়ে শেষ পাঁচ ওভারে ৫০ রান করা প্রথম ভারতীয় ব্যাটার হয়েছেন তিনি। এই কৃতিত্বের মাধ্যমে তিনি এবি ডি ভিলিয়ার্স ও কাইরন পোলার্ডের মতো তারকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।
১৫ ওভার শেষ হওয়া পর্যন্ত মাত্র ২ বল খেলে ১ রান করেন। পরের কয়েক বলেও তাঁর রান খুব কম ছিল, কিন্তু তারপরই তিনি অসাধারণ ব্যাটিং শুরু করেন। এর আগে ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পোলার্ড শেষের ২১ বলে ৫৯ রান করেছিলেন। আর ২০১৪ সালে ডি ভিলিয়ার্স ২২ বলে ৫৬ রান করে দলকে জয় এনে দেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন মুকুল।
ম্যাচের শেষ ওভার ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। জয়ের জন্য লখনউয়ের দরকার ছিল ১৪ রান। প্রথম বলে ১ রান নেওয়ার পর মুকুল স্ট্রাইক পান এবং দ্বিতীয় বলেই ছক্কা মারেন। যদিও মাঝের দুই বলে রান হয়নি, তবুও তিনি চাপ সামলে রাখেন।
শেষ দুই বলে দরকার ছিল ৭ রান। পঞ্চম বলে আবার ছক্কা মেরে স্কোর সমান করেন মুকুল। এরপর শেষ বলে ১ রান নিয়ে দলকে রোমাঞ্চকর জয় এনে দেন। তাঁর এই সাহসী ও আক্রমণাত্মক ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে এবং তাকে নতুন তারকা হিসেবে তুলে ধরেছে।
IPL News: মুকুলের কাল বৈশাখী ঝড়ে বিধ্বস্ত কেকেআর।

