টিএসএন ডেস্ক, ৯ আগস্ট।।
আবারও গোলের বন্যা। উমাকান মিনি স্টেডিয়ামে। এবার গোলের বন্যায় ভাসলো ডিয়ার ক্লাব। হজম করলো দশ গোল। আসরে তিন ম্যাচ খেলে কমলপুর মহকুমার ডিয়ার ক্লাব হজম করল ২২ টি গোল। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত বৈকুণ্ঠ নাথ স্মৃতি মহিলা লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে রবিবার ফ্লাড লাইটে অনুষ্ঠিত হয় ম্যাচটি। শক্তি, দক্ষতা এবং গতি – তিন বিভাগেই কল্পনা দেববর্মা ত্রিপুরা স্পোর্টস স্কুলের মেয়েরা অনেকটাই এগিয়ে ছিল তা সকলের জানা ছিল। দেখার ছিল নবাগত ডিয়ার ক্লাবের মেয়েরা কতটা লড়াই ছুঁড়ে দিতে পারেন। কার্যত এর ছিটেফোটাও লক্ষ্য করা যায়নি। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই গোল হজম করে চাপে পড়ে যায় ডিয়ার ক্লাব। ওই চাপ থেকে শেষ পর্যন্ত আর বের হতে পারিনি। ত্রিপুরা স্পোর্টস স্কুলের আক্রমণের নেতৃত্ব দেন শ্রিয়া দেব। শেষ ম্যাচে হ্যাটট্রিক করা শ্রিয়া এদিন হ্যাটট্রিক সহ পাঁচটি গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে যান। ম্যাচের ১, ৯,১৫,২১ এবং ৪৩ মিনিটে ৫ টি গোল করে শ্রিয়া। এছাড়া ১৮, ৩৮ এবং ৬৫ মিনিটে পরপর তিনটি গোল করে হ্যাটট্রিক করেন সোনিয়া সিনহা। ১২ মিনিটে থানপুইয়া ডারলং এবং ৬৭ মিনিটে শর্মিলা জমাতিয়া গোল করেন। ব্যবধান আরো বাড়াতে পারতো ত্রিপুরা স্পোর্ট স্কুল। শেষ দিকে যদি সহজ সুযোগ হেলায় নষ্ট না হতো। খেলা পরিচালনা করেন বিশ্বজিৎ নাথ। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের শ্রীয়া দেব।
Tripura Women Football: শ্রীয়া – সোনিয়ার জোড়া হ্যাটট্রিকে ডিয়ারকে ১০ গোল ত্রিপুরা স্পোর্টস স্কুলের।

