টিএসএন ডেস্ক, ২১ জুন।।
‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’—এই বিশেষ ভাবধারাকে সামনে রেখে রাজ্যজুড়ে যথোপযুক্ত মর্যাদায় পালিত হলো দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং রাজ্য আয়ুষ মিশনের যৌথ উদ্যোগে সমগ্র ত্রিপুরায় এই দিবসটি উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী, রবিবার রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রদর্শনী হলে। সকাল ৭টায় সমবেত যোগাসনের মাধ্যমে এই বিশেষ কর্মসূচির সূচনা ঘটে, যেখানে প্রায় দুই হাজার উৎসাহী মানুষ অংশ নেন। শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক শান্তি এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে মূল অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন আকর্ষণীয় যোগ প্রদর্শনীরও আয়োজন করা হয়।হাপানিয়ার এই রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এছাড়াও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ ধনকর, ক্রীড়া সচিব প্রদীপ কুমার চক্রবর্তী এবং ক্রীড়া অধিকর্তা এল ডার্লং। সমগ্র অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিধায়িকা মীনা রাণী সরকার। রাজ্যস্তরের এই মূল কর্মসূচির পাশাপাশি এদিন রাজ্যের ৪৪টি ব্লক, ১৬টি মহকুমা এবং ৮টি জেলা সদরেও অত্যন্ত সফলভাবে যোগাসন ও যোগ প্রদর্শনীর আয়োজন করা হয়।অন্যদিকে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সিপাহিজলা জেলা স্তরের মূল অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে চড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সকাল ৭টায় শুরু হওয়া এই জেলাস্তরের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহিজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল এবং অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন খেলা ভৌমিক। জেলা যুব বিষয়ক ও ক্রীড়া dপ্তরের উপ-অধিকর্তা সমীর দেববর্মা জানান, জেলা স্তরের এই অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
International Yoga Day : রাজ্যে ঘটা করে পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবস।

