টিএসএন ডেস্ক,২১ মার্চ।
পরাজয় যেনও পিছু ছাড়ছে না বি সি সি -র। টানা ৫ ম্যাচে পরাজিত হয়ে সমালোচনার মুখে এখন বিসিসির শিক্ষানবিশ ক্রিকেটাররা। শনিবার নিজেদের পঞ্চম ম্যাচে ওপিসির কাছে অসহায় আত্মসমর্পণ করলো বি সি সি। পরাজিত হলো ১১১ রানের বড় ব্যবধানে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লীগ ক্রিকেটে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ও পি সি-র গড়া ২২১ রানের জবাবে বিসিসি মাত্র ১১০ রান করতে সক্ষম হয়েছে। বিজয়ী দলের রোহন বিশ্বাস প্রথমে ব্যাট হাতে ৩০ রান করার পর বল হাতে ছয় উইকেট তুলে নিয়ে সকলের নজর কেড়ে নেন। এছাড়া ব্যাট হাতে অনুজ কুমার অর্ধশতরান করেছেন। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ওপিসি ২২১ রান করে। দলের পক্ষে অনুজ কুমার ৫১ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০, শ্যাম শাকিল গণ ৭১ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ৪১, রাহুল চন্দ্র সাহা ৫৫ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩৩, রোহন বিশ্বাস ৪৩ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ত্রিশ, রাজেশ কুমার ভারতী ৮ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। বিসিসির পক্ষে সিদ্ধার্থ দেবনাথ ৩৯ রানে তিনটি এবং তানিস্ক চক্রবর্তী ৩৫ রানের দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে বিসিসির ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১০ রানের। দলের পক্ষে অর্ক জিৎ সাহা ৯৪ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ৩২, অনুজ পাল ১২ বল খেলে দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮, রাজদীপ দেবনাথ ৪৭ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং সন্দীপন দাস চল্লিশ বল খেলে ১৭ রান করেন। ও পিসির পক্ষে রোহন বিশ্বাস বাইশ রানে ছয়টি উইকেট দখল করেন।
Tripura Cricket: প্রথম ডিভিশন ক্রিকেটে ধারাবাহিক পরাজয় বিসিসির।

