টিএসএন ডেস্ক, ১লা এপ্রিল
৪৮ দল নিয়ে বিশ্বকাপ—অথচ এতগুলো দলের মধ্যে ইতালি নেই। মঙ্গলবার রাতে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বার বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে পড়েছে ইতালি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন বিদায় শুধু ইতালিয়ানদেরই নয়, কষ্ট দিয়েছে গোটা বিশ্ব ফুটবলকে। বিশ্ব কাপ থেকে ইতালির ছিটকে যাওয়াতে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকও মর্মাহত।
ইতালিকে আর্জেন্টিনার ভ্রাতৃপ্রতিম দেশ অভিহিত করে স্কালোনি বলেন, ইতালির বিশ্বকাপে না খেলাটা দুঃখজনক। আর্জেন্টাইনরা চায় না ইতালি বিশ্বকাপে না থাকুক। বুধবার বুয়েনস এইরেসে জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৫–০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চারবার বিশ্বকাপ জেতা ইতালি এবারের আগে ২০১৮ ও ২০২২ আসরেও বাছাইপর্ব উতরাতে পারেনি। বিশ্ব–ফুটবলে দলটির গুরুত্ব তুলে ধরে স্কালোনি বলেন, ‘তারা ফুটবল–বিশ্বের অন্যতম বড় শক্তি।
বসনিয়ার মাঠে হওয়া ইউরোপীয় প্লে–অফ ফাইনালে প্রথম গোল করে ইতালিই। তবে একটি লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়ার পর বসনিয়া সমতা নিয়ে আসে, শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে ৪–১ ব্যবধানে হারে তারা।
হারের ধরনের কারণে ইতালিকে নিয়ে দুঃখ বেশি লাগছে জানিয়ে তিনি বলেন, ‘যেভাবে বাদ পড়েছে, সেটা বেশি বেদনাদায়ক। হারটা খুব কঠিন ও নিষ্ঠুর ছিল। একসময় দলটা ১০ জনের হয়ে গেল, আবার খেলছিল প্রতিপক্ষের মাঠে। যখন পরিস্থিতি অনুকূলে থাকে না, তখন টিকে থাকা খুব কঠিন হয়ে যায়। আর লড়তেও হয়েছে একটা ভালো দলের বিপক্ষে। সব মিলিয়ে বিষয়টি সত্যিই খুব কষ্টের।’
FIFA WoRLD CUP: বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।

