Tripura Football: মহিলা ফুটবলারদের জন্য ড্রেসিং রুম ২৮ লক্ষ টাকা বরাদ্দ করলেন সাংসদ।

Screenshot 2026 09 06 23 20 03 48 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক, ৩ সেপ্টেম্বর।।
    উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা ফুটবলারদের জন্য ড্রেসিং রুম নির্মাণে ২৮ লক্ষ টাকা বরাদ্দ করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। রাজ্যজুড়ে ক্রীড়া পরিকাঠামোর সার্বিক উন্নয়নে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলেন রাজ্যসভার সাংসদ শ্রী ভট্টাচার্য। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আবেদনের পরিকাঠামোগত গুরুত্ব বিবেচনা করে আগরতলাস্থিত উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা ফুটবলারদের জন্য একটি আধুনিক ড্রেসিং রুম নির্মাণের সুপারিশ করেছেন তিনি। সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের আওতায় এই প্রকল্পের জন্য মোট ২৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই প্রকল্পের প্রশাসনিক, আর্থিক ও কারিগরি অনুমোদনের জন্য পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও সংগ্রাহকের (নোডাল জেলা কর্তৃপক্ষ) কাছে প্রয়োজনীয় সুপারিশপত্র পাঠানো হয়েছে। সাংসদ রাজীব ভট্টাচার্যের এই ক্রীড়াবান্ধব উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থার নেতৃত্বের মতে, এই ড্রেসিং রুম নির্মিত হলে রাজ্যের উদীয়মান মহিলা ফুটবলারদের দীর্ঘদিনের সমস্যা দূর হবে এবং তাঁরা আরও উন্নত ও পেশাদার পরিবেশে অনুশীলনের সুযোগ পাবেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংসদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। ক্রীড়াপ্রেমীদের আশা, খুব দ্রুত প্রশাসনিক প্রক্রিয়াকরণ শেষ করে এই নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে, যা ত্রিপুরায় মহিলা ফুটবলের সামগ্রিক অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করবে।














Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *